
পর্যটন নগরী সড়কের বেহাল দশা: হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি পর্যটন নগরী শ্রীমঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এর হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াপদা গেইট এলাকায় দীর্ঘদিন ধরে ভয়াবহ বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের এই করুণ চিত্র এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।
সড়কের পুরো অংশজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে, যা এখন ময়লা পানিতে ভরে থাকায় খালি চোখে বোঝা প্রায় অসম্ভব। উপর থেকে স্বাভাবিক মনে হলেও বাস্তবে এগুলো যেন লুকিয়ে থাকা বিপজ্জনক ফাঁদ। ফলে প্রতিদিনই এখানে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা,কুমিল্লা,কুষ্টিয়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু বর্তমানে সড়কের এমন নাজুক অবস্থার কারণে মোটরসাইকেল চালক, অটোরিকশা যাত্রী ও সাধারণ মানুষের কাছে এটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই যানবাহনের চাকা গর্তে পড়ে উল্টে যাচ্ছে, আহত হচ্ছেন যাত্রীরা।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন পথচারীরা বিশেষ করে বৃদ্ধ, শিশু ও শিক্ষার্থীরা। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন এবং -এর অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। স্কুলে যাওয়ার পথে কাদা-পানিতে ভিজে যাচ্ছে তাদের পোশাক ও জুতা, যা তাদের জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, সড়কের পাশ দিয়ে ড্রেইন নির্মাণ কাজ চললেও তার ধীরগতি জনদুর্ভোগকে আরও দীর্ঘায়িত করছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে থাকা মানুষদের মনে একটাই প্রশ্ন এই দুর্ভোগের শেষ কোথায়?
স্থানীয়দের দাবি, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি। অতি দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ ও চলাচল উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। এখন সময়ের দাবি একটি নিরাপদ সড়ক, যেখানে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারবে।
Leave a Reply