
টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং রাজনগরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
রাজনগর উপজেলার মনু নদীর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দেওয়ায় নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে। এতে টেংরা ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
এদিকে উপজেলার আকইয়া এলাকায় মনু নদীতে এক বৃদ্ধের মরদেহ ভেসে উঠেছে। স্থানীয়দের ধারণা, বন্যার পানিতে আটকা পড়ে তিনি মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
শুধু রাজনগরই নয়, জেলার অন্যান্য উপজেলাতেও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহর রক্ষা বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply