
শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় অফিসার ও ফোর্স ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে বিদেশি সিগারেট নারায়ণছড়া এলাকায় নিয়ে আসা হচ্ছে। পরে পুলিশ মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং সড়কে অবস্থান নেয়।
একপর্যায়ে একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সংকেত দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের যাত্রী আসন থেকে পলিথিনে মোড়ানো আট কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা আট কার্টুনে মোট ৩২ হাজার শলাকা ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট রয়েছে। পাশাপাশি সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরোনো প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হোসেন শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা জানিয়েছেন।
এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply