২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর উত্তরসুর এলাকায় ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন চন্দ্র দাস উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিপন চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন চন্দ্র দাস বিক্রির উদ্দেশ্যে এসব মদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে মদ বহন বা সংরক্ষণের বিষয়ে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।