ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভিমসী এলাকায় কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পৃথক মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চুরির খবর পেয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও এসআই সজীবসহ পুলিশের একটি দল। এ সময় পুলিশ সদস্যরা চুরির ঘটনাস্থলগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় খবর পেয়ে সেখানে উপস্থিত হন শ্রীমঙ্গল উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল আহমেদ। তিনি সাংবাদিকদের কাছে মন্দিরগুলোতে চুরির ঘটনার বিষয়টি তুলে ধরেন।
বেলাল আহমেদ বলেন,ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের প্রতি আহ্বান জানাই,ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় ভূনবীর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি,ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।