শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন একটি গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), বানিয়াচং উপজেলার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গল উপজেলার জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থলে থাকা চারজনকে আটক করা সম্ভব হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, একটি ধারালো চাকু, একটি লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। একই সঙ্গে ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।