শ্রীমঙ্গল (মৌলভীবাজার),১৭ জুন : ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় মানুষের ঢল নেমেছে। বুধবার অনুষ্ঠিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে হাজারো মানুষ অংশ নেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তাকে একনজর দেখার জন্য সমাবেশস্থলে অবস্থান নেন।
সমাবেশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে সরকারি সেবা আরও সহজ ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বিশেষ করে নিম্নআয় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। আয়োজকদের দাবি, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সমাবেশের শেষপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।