শ্রীমঙ্গলে র্যালি ও চেকপোস্টে পুলিশ সপ্তাহ শুরু
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
আমার পুলিশ,আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল থানা নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬-এর কার্যক্রম শুরু করেছে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানায় এসে শেষ হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ থানার বিভিন্ন ইউনিটের সদস্যরা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করা হয়। নাহার পেট্রোল পাম্প সংলগ্ন মৌলভীবাজার সড়ক, ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়কে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং হবিগঞ্জ সড়কের বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হয়।
এছাড়াও চৌমুহনা চত্বর, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
দিনের শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জনবান্ধব পুলিশিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হবে।