শ্রীমঙ্গলে মে দিবসে চা শ্রমিকদের সমাবেশ,ভূমির অধিকারসহ নানা দাবি
মহান মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাড়াউড়া চা বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর আয়োজনে এ সমাবেশ হয়।
সমাবেশে শ্রমিক নেতারা চা শ্রমিকদের ভূমির অধিকার বাস্তবায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাতৃত্বকালীন সুবিধা ও নারী শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান। দীর্ঘদিন বাগানে বসবাস করেও তারা ভূমির অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন।
বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে হাজারো শ্রমিক এতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিজয় হাজরা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি জানান, চা শ্রমিকদের উন্নয়ন বিষয়টি ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।